আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। ঢাকা উত্তরে মাওলানা মুর্শিদ আলম সিদ্দিকী এবং দক্ষিণে হাফেজ মাওলানা মাহবুবুল হককে মনোনয়ন দিয়েছে দলটি।
শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে মনোনীত মাওলানা মুর্শিদ আলম সিদ্দিকী বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি। পাশাপাশি তিনি দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে প্রার্থী হয়েছেন হাফেজ মাওলানা মাহবুবুল হক। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির। তিনি অবিভক্ত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত আলেম মরহুম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের ছেলে।
সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দেশব্যাপী অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
নেতারা বলেন, রাজধানীর দুই সিটিসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে সৎ, আদর্শবান ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।

প্রথম দর্পণ,ডেস্ক