শুক্রবার (৬ নভেম্বর) রাতে বন্দরের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর মদনগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস রাশিদ নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কলেজে অনার্সে অধ্যয়নরত ছিলেন। দুর্ঘটনায় আহত তাঁর বন্ধু ফারহানের (১৯) বাড়ি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা
মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বর্মনের ভাষ্য অনুযায়ী, দ্রুতগতিতে মদনগঞ্জের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই চালকের আসনে থাকা নিঝুমের মৃত্যু হয়। মোটরসাইকেলের পেছনে থাকা বন্ধু ফারহান আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিঝুমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আহত ফারহানকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারে শোকের ছায়া
পরিবারের সদস্যরা জানান, উচ্চশিক্ষার জন্য জাপানে যাওয়ার পরিকল্পনা ছিল নিঝুমের। সে অনুযায়ী জাপানি ভাষা শেখাসহ প্রয়োজনীয় প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে তাঁর দেশ ছাড়ার কথা ছিল। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় পরিবারের সেই আশা ও নিঝুমের ভবিষ্যৎ পরিকল্পনা ভেঙে গেল।
তাঁর অকালমৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ