সরকারের সাত মাসের কর্মকাণ্ডে জনমনে উৎকণ্ঠা বেড়েছে: এ টি এম মাসুম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ বিকাল
  • ৭১১০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে শপথ না নিয়ে সরকার জনগণের সঙ্গে গাদ্দারি করেছে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে দেশ পরিচালনার কারণে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বাড়ছে। সরকারের গত সাত মাসের কর্মকাণ্ডে জনমনে উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং সরকারের ওপর মানুষের আস্থা কমেছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে চাঁদপুরের আল-আমিন একাডেমির ছাত্রী ক্যাম্পাসে জেলা আমিরের শপথ গ্রহণ ও জেলা মজলিশে শুরার সদস্য নির্বাচন উপলক্ষে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ টি এম মাসুম বলেন, শপথ গ্রহণ একটি আবেগঘন ও গুরুত্বপূর্ণ আয়োজন। মনের আবেগ, দৃঢ় প্রত্যয় ও আন্তরিকতা নিয়ে শপথ নিতে হবে এবং শপথের অঙ্গীকার বাস্তবায়নে কাজ করতে হবে। সংস্কারের পক্ষে আয়োজিত কর্মশালাগুলো জনগণের মধ্যে আশাবাদ ও উৎসাহ তৈরি করেছিল। কিন্তু সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে সেই প্রত্যাশা ব্যাহত হয়েছে।

তিনি দাবি করেন, দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। অথচ সরকার সনদ বাস্তবায়নের শপথ নেয়নি।

বর্তমান সংবিধান নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, সংবিধানে এখনো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা রয়েছে। এ সংবিধান বহাল রেখে বর্তমান সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।

সরকারের বিরুদ্ধে চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ করে এ টি এম মাসুম বলেন, আগের সরকারের সময়ের তুলনায় বর্তমানে দ্বিগুণ থেকে তিন গুণ চাঁদা আদায়ের অভিযোগ উঠছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। সরকারের কয়েক মাসের শাসনামলে খুন, রাহাজানি ও সার্বিক অস্থিরতা বেড়েছে বলেও দাবি করেন তিনি।

বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তাঁর অভিযোগ, বিচার বিভাগকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে এবং নির্বাচন কমিশন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে। পাশাপাশি ইসলামের ওপর আঘাত এবং শরিয়াহ আইন মানতে অনীহার অভিযোগও করেন তিনি।

এ টি এম মাসুমের দাবি, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। এ ছাড়া এরই মধ্যে চার শতাধিক কলকারখানা বন্ধ হয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কুমিল্লা অঞ্চল টিমের সদস্য আব্দুস সাত্তার।

জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া সম্মেলন পরিচালনা করেন। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মবিন, জাহাঙ্গীর আলম প্রধান, মাওলানা আবুল হোসেন ও হারুনুর রশিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad