নাহিদ ইসলামের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৮ রাত
  • ১১৯৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ফেসবুক পোস্টে এনসিপির সাংগঠনিক দুর্বলতা ও নেতাদের দলত্যাগ নিয়ে সমালোচনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্ব এবং দলের সাংগঠনিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জন মানুষও জড়ো হবেন না বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

পোস্টে তিনি লেখেন, নাহিদ ইসলাম আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানালেও গার্মেন্টস শ্রমিকরা কাজে ফিরে গেছেন। তাঁর ভাষায়, ‘নাহিদ ইসলাম ডাক দিলে এখন ১০০ লোকও আর জড়ো হবে না। আশা করি তিনি এর প্রমাণ পেয়ে গেছেন।’

এনসিপির বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন রাশেদ খান। তিনি প্রশ্ন তোলেন, গণঅভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে পরিচিত নাহিদ ইসলামের রাজনৈতিক অবস্থানের এমন অবনতি কেন এবং এনসিপি কীভাবে নামসর্বস্ব দলে পরিণত হলো। এ পরিস্থিতির দায় নাহিদ ইসলাম এড়াতে পারেন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

রাশেদ খান তাঁর পোস্টে আরও লেখেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নাহিদ ইসলাম ও তাঁর সহকর্মীরা মনে করেছিলেন, তাঁরাই সবকিছু করেছেন। তবে আন্দোলনে অন্যদের অবদানও ছিল বলে উল্লেখ করে তিনি বলেন, নাহিদ ইসলাম যত বেশি অহংকারী হবেন, তত বেশি বিষয়টি উপলব্ধি করবেন।

নাহিদ ইসলামের সঙ্গে বর্তমানে কারা রয়েছেন এবং কারা তাঁকে ছেড়ে যাচ্ছেন, তা তিনি বুঝতে পারছেন কি না, সেই প্রশ্নও রাখেন রাশেদ খান।

এনসিপির নেত্রী সামান্তা শারমিনের পদত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সামান্তা শারমিনের মতো নেত্রীদের ধরে রাখার সক্ষমতা হারিয়েছেন নাহিদ ইসলাম। এমন পরিস্থিতিতে জনগণ কেন তাঁর আহ্বানে রাজপথে নামবে, সে প্রশ্নও তোলেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবারই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেন সামান্তা শারমিন। নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি জানান।

রাশেদ খানের এসব বক্তব্যের বিষয়ে নাহিদ ইসলাম বা এনসিপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার তথ্য সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad