আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ বিকাল
  • ৭৭৪৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
‘স্বরাষ্ট্রমন্ত্রী এখন সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছেন তিনি। একই সঙ্গে দেশে খুন, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ বেড়েছে বলে দাবি করেন নাহিদ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘তিনি এখন শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, তিনি সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী।’ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে সংসদে ও সংসদের বাইরে কথা বলার পাশাপাশি পরিসংখ্যানও তুলে ধরেছেন বলে জানান তিনি।

নাহিদ ইসলামের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত জননিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়নি; বরং অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। নির্বাচিত সরকার দায়িত্ব নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে—সরকারের এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য বিএনপির দলীয় কোন্দল, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্বকে দায়ী করেন এনসিপি আহ্বায়ক। তাঁর দাবি, দলীয় প্রভাবের কারণে প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

দেশে মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়ার অভিযোগও করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিভিন্ন স্থানে সাংবাদিকেরা হামলার শিকার হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার কারণে প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁদের অধিকাংশকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন নাহিদ।

তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এলেও সরকার পুরোনো কায়দায় কর্তৃত্ববাদী পদ্ধতিতে দেশ পরিচালনা করছে।

চলমান শ্রমিক আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শুরু থেকেই এনসিপি শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিয়েছে। তাঁর মতে, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের তুলনায় ১২ হাজার ৫০০ টাকা মজুরিতে শ্রমিকদের পক্ষে জীবনযাপন করা কঠিন। গ্যাস ও জ্বালানির দাম এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে শ্রমিকদের ব্যয় বেড়েছে।

নাহিদের অভিযোগ, সরকার শুরুতেই শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে তাঁদের দাবি বিবেচনা করলে পরিস্থিতি এত দূর গড়াত না। শ্রমিক আন্দোলন দমনে রাষ্ট্রীয় দমন-পীড়নের পথ অনুসরণ না করে অবিলম্বে দাবি মেনে নিয়ে শ্রমিকদের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন এবং তৈরি পোশাকশিল্প রক্ষারও আহ্বান জানান।

গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে সরকারের সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, আন্তর্জাতিক জ্বালানি সংকটের কথা বলে সরকার বারবার অজুহাত দিচ্ছে। এ কারণে তিনি সরকারকে ‘অজুহাতের সরকার’ বলে আখ্যা দেন।

আঞ্চলিক সমন্বয় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, ব্যারিস্টার সানি আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক সাদিয়া ফারজানা দিনা, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসাইন ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ লিয়নসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad