ভারতীয় ভিসায় নতুন বাধ্যবাধকতা, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ রাত
  • ১২২৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ভারতীয় ভিসা পেতে বাংলাদেশি আবেদনকারীদের জন্য নতুন শর্ত যুক্ত করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে পর্যটন, চিকিৎসা, ব্যবসা, সম্মেলনসহ সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা অঙ্গীকারনামা পূরণ করে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত ফর্ম ছাড়া কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে হাইকমিশন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভারতীয় হাইকমিশনের ভিসা আবেদনবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে নতুন এ নির্দেশনা জানানো হয়।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীকে প্রথমে হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ সংগ্রহ করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে স্ক্যান করতে হবে। স্ক্যান করা ফর্মটি ভারতের অনলাইন ভিসা আবেদন পোর্টালে (এনআইসি ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল) আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

হাইকমিশনের নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত ফরম্যাট ছাড়া অন্য কোনো ফর্ম বা বিকল্প অঙ্গীকারনামা গ্রহণ করা হবে না। ভিসা আবেদনপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিয়মশৃঙ্খলা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অঙ্গীকারনামায় যেসব তথ্য দিতে হবে

নির্ধারিত এক পাতার ফর্মে আবেদনকারীর ব্যক্তিগত পরিচিতি, ভারত সফরের উদ্দেশ্য এবং কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার উল্লেখ করতে হবে।

ব্যক্তিগত তথ্যের অংশে পাসপোর্ট অনুযায়ী পূর্ণ নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকায় বসবাসের বর্তমান ঠিকানা দিতে হবে। পাশাপাশি ভারত সফরের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে। যেমন—পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা কোনো সম্মেলনে অংশগ্রহণ।

ফর্মে আবেদনকারীকে ঘোষণা দিতে হবে, ভিসার আবেদনে উল্লেখ করা উদ্দেশ্যেই তিনি ভারত সফর করবেন। আবেদনের দিন তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রের বাসিন্দা এবং আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক—এমন অঙ্গীকারও করতে হবে।

মানতে হবে তিনটি শর্ত

অঙ্গীকারনামায় আবেদনকারীকে প্রধানত তিনটি বিষয়ে সম্মতি দিতে হবে। প্রথমত, ভারত সফর শেষে নিজ দেশে ফিরে আসতে হবে এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশটিতে অবস্থান করা যাবে না।

দ্বিতীয়ত, ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। তৃতীয়ত, কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়ানো যাবে না।

হাইকমিশনের নির্ধারিত ফর্মে সতর্ক করা হয়েছে, এসব শর্ত ভঙ্গ করলে আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ফর্মের শেষাংশে আবেদনকারীর স্বাক্ষর, ফর্ম পূরণের স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীদের ক্ষেত্রে বাবা ও মা উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।

আবেদনের আগে ফর্ম আপলোড নিশ্চিত করার নির্দেশনা

নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসার আবেদন চূড়ান্তভাবে জমা দেওয়ার আগে নির্ধারিত অঙ্গীকারনামা যথাযথভাবে পূরণ ও স্ক্যান করা হয়েছে কি না, তা নিশ্চিত হতে হবে। একই সঙ্গে অনলাইন আবেদন পোর্টালে ফর্মটির স্ক্যান করা কপি সংযুক্ত করার বিষয়টিও যাচাই করতে হবে।

নতুন এ নিয়ম কার্যকর হওয়ায় ভারতীয় ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক বাংলাদেশিদের আবেদনপ্রক্রিয়ায় অতিরিক্ত একটি ধাপ যুক্ত হলো।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad