বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান নাহিদ ইসলামের কাছে এ আইনি নোটিস পাঠান।
নোটিসে উল্লেখ করা হয়, গত ৩০ অক্টোবর সন্ধ্যার পর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদাবাজি, লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই।’
আইনজীবী হাবিবুর রহমান নোটিসে ওই বক্তব্যের বিষয়ে আপত্তি জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ করে এমন মন্তব্য অবাস্তব ও কাল্পনিক। এ ধরনের বক্তব্য একজন রাজনৈতিক নেতার অপরিপক্বতা ও রাজনৈতিক প্রজ্ঞার অভাব প্রকাশ করে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।
নোটিসে আরও বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশিত নয়। বক্তব্যটি প্রত্যাহারের পাশাপাশি জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
নোটিস পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে নাহিদ ইসলামের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক