বিএনপি পুরোনো রাজনৈতিক সংস্কৃতি ছাড়তে না পারলে অপ্রাসঙ্গিক হবে: সারজিস

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ বিকাল
  • ৪৫০৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি পুরোনো রাজনৈতিক চরিত্র, অভ্যাস ও মনস্তত্ত্ব থেকে বেরিয়ে আসতে না পারলে ধীরে ধীরে দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।

বুধবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির ভোলা জেলা শাখার সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। ডিসি, এসপি ও ইউএনও পর্যায়ে দলীয়ভাবে প্রশাসন পরিচালনার প্রবণতা থাকলে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন কঠিন হবে। বিএনপিকে এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

গত ছয় মাসে বিএনপির কর্মকাণ্ডে সন্তুষ্ট নন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, দলটি ক্ষমতার অপব্যবহার, দলীয়করণ ও স্বজনপ্রীতির পুরোনো চর্চায় ফিরে যাচ্ছে। চাকরির নিয়োগ প্রক্রিয়াতেও অনিয়মের অভিযোগ তোলেন তিনি।

আওয়ামী লীগের বিষয়ে সারজিস বলেন, দলটির রাজনৈতিক অধ্যায় শেষ হয়েছে। তবে বিএনপির কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও সমালোচনা অব্যাহত থাকবে। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, থানা দখল কিংবা সাধারণ মানুষের ওপর জুলুমের অভিযোগ উঠলে তা নিয়েও কথা বলা হবে।

তিনি বলেন, বিএনপি যদি এসব কর্মকাণ্ড থেকে সরে না আসে, তাহলে দলটির বিরুদ্ধে রাজপথের কর্মসূচি আরও শক্তিশালী হবে।

এর আগে সকালে বরিশাল থেকে ভোলায় যান সারজিস আলম। পরে এনসিপির স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad