সোমবার দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, সার সংকটের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। এতে আমন ধানের পাশাপাশি মৌসুমি সবজি ও অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শী কৃষিনীীতির কারণে কৃষকদের এ ভোগান্তি পোহাতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গোলাম পরওয়ারের দাবি, পর্যাপ্ত সার না পাওয়ায় কোথাও কোথাও কৃষকরা সড়ক অবরোধ করে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন। গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বেশি দামে সার বিক্রির অভিযোগও রয়েছে। এতে কৃষকদের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে রাজশাহী, লালমনিরহাট ও কুড়িগ্রামে কৃষকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। কোথাও সার গুদাম থেকে লুটপাট এবং কৃষি বিভাগের মাঠকর্মীকে অবরুদ্ধ করার ঘটনাও ঘটেছে বলে গণমাধ্যমে খবর এসেছে।
জামায়াতের এই নেতা অভিযোগ করেন, কোথাও কোথাও সরকারদলীয় সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রির সুযোগ নিচ্ছে। অনুমোদিত ডিলারের দোকানে সার না মিললেও খোলা বাজারে বেশি দামে তা পাওয়া যাচ্ছে বলে তিনি দাবি করেন।
গোলাম পরওয়ার বলেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই সার সরবরাহের ক্ষেত্রে সব ধরনের সিন্ডিকেট ভেঙে কৃষকদের হয়রানি বন্ধ এবং দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

প্রথম দর্পণ,ডেস্ক