বুধবার সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রশিবির কুমিল্লা মহানগর আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, বিএনপি নির্বাচন দেবে না—তাদের রাজনৈতিক আচরণেই তা স্পষ্ট। তারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না এবং নিজেদের দলেও গণতান্ত্রিক চর্চা নেই। তবে ছাত্রশিবির আশা করে, সরকার যথাসময়ে নির্বাচন আয়োজন করবে। নির্বাচন নিয়ে সংগঠনের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরা হবে।
তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকার কোনো ধরনের কারচুপির আশ্রয় নিলে তা হবে মারাত্মক ভুল। সে ক্ষেত্রে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলনে নামলে সরকারের পক্ষে ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে যাবে।
১১ রাজনৈতিক দলের লংমার্চ প্রসঙ্গে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, এতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচিটি সফল হয়েছে, যা একটি মাইলফলক। আগামী ১৯ সেপ্টেম্বর আরও একটি লংমার্চ অনুষ্ঠিত হবে।
ইতালিতে বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা এবং এনসিপির নেতাকর্মীদের ওপর ডিম ছোড়ার ঘটনা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে স্বৈরাচারী আওয়ামী লীগ বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দাবি জানান তিনি।
মহানগর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েতের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি ডা. কাজী আকিব আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। এ ছাড়া জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতারা বক্তব্য দেন।
অনুষ্ঠানে কুমিল্লা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক