বুধবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করে। পরে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের অধিকার সুরক্ষায় আনন্দবাজারের মাছের পাইকারি ও খুচরা আড়ত এবং দোকানে নিয়মিত তদারকি অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে বুধবার ‘মেসার্স সিয়াম মিয়া’ নামের ইলিশের দোকানে অভিযান চালানো হয়।
অভিযানকালে দোকানটির বিক্রেতা আপেল মাহমুদের ব্যবহৃত ডিজিটাল ওজন মেশিনে কারচুপির প্রমাণ পাওয়া যায়। তিনি জানান, মেশিনের ভেতরের অংশের সঙ্গে রাবার ও রশি যুক্ত করে গামছার আড়ালে কৌশলে সেটি টেনে ওজন কম দেখানো হতো। তদারকির সময় বিষয়টি হাতেনাতে ধরা পড়ে এবং রশি ও রাবারসহ কারচুপির কৌশলটি প্রকাশ্যে আসে।
এ সময় বিক্রেতা আপেল মাহমুদ নিজের অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অসদুপায় অবলম্বন করবেন না বলে অঙ্গীকার করেন।
পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, জনস্বার্থে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় বাজারে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স