দেশে সীমান্ত সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শিশু নির্যাতনের মতো গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যা বিদ্যমান থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংককে ঘিরে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট জরুরি সমস্যাগুলোর সমাধানে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বুধবার রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে ইসলামী ব্যাংক সম্পর্কে করা মন্তব্য অনভিপ্রেত ও দুঃখজনক। তিনি দাবি করেন, পর্যাপ্ত তথ্য-উপাত্ত ছাড়াই এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দায়িত্বশীল ব্যক্তিদের তথ্যভিত্তিক বক্তব্য প্রদান করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে অস্থিরতা বা নেতিবাচক বার্তা সৃষ্টি হলে তা অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা জাতীয় অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এ নেতা বলেন, পুশ-ইন ইস্যু বর্তমানে জাতীয় সংকটে রূপ নিয়েছে। এ সমস্যা মোকাবিলায় সরকারকে সব রাজনৈতিক শক্তিকে সম্পৃক্ত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইসলামী ব্যাংক নিয়ে বিতর্কে সময় ব্যয় না করে সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
আসন্ন বাজেট প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়; এর কার্যকর বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। করের হার বৃদ্ধি না করে কর ফাঁকি রোধের মাধ্যমে রাজস্ব আহরণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, অতীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ব্যাপক অপচয় ও অনিয়ম হয়েছে। এসব দুর্নীতি ও লুটপাট বন্ধ করে বাজেটের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
রাজধানীর নাগরিক সমস্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রতি বর্ষায় ঢাকার বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় আক্রান্ত হয়। সমন্বয়হীন উন্নয়ন কার্যক্রম ও সড়ক খোঁড়াখুঁড়ির কারণে এ সমস্যা আরও প্রকট হয়েছে। বাজেটের যথাযথ ব্যবহার ও দুর্নীতি নিয়ন্ত্রণ করা গেলে রাজধানীর জলাবদ্ধতা অনেকাংশে কমানো সম্ভব।
সিটি করপোরেশন নির্বাচন না হওয়ায় নগরবাসী কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে তিনি দ্রুত নির্বাচনের দাবি জানান। একই সঙ্গে গণতন্ত্রকে শক্তিশালী করতে কার্যকর ও গঠনমূলক বিরোধী রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার এবং কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার নোমান আহমেদ।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার