বিল সংসদে পাঠাতে চার মাস দেরি, মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে ডেপুটি স্পিকারের ক্ষোভ

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ বিকাল
  • ৮৮৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আইনসভাকে অবজ্ঞা নয়, শক্তিশালী করার আহ্বান কায়সার কামালের

মন্ত্রিসভায় অনুমোদনের পরও সংসদে বিল উত্থাপনে দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। নির্বাহী বিভাগের এমন বিলম্বে সংসদ সদস্যদের যথাসময়ে পর্যালোচনার সুযোগ ব্যাহত হচ্ছে উল্লেখ করে তিনি আইনসভাকে অবজ্ঞা না করে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপনের সময় এ ক্ষোভ প্রকাশ করেন ডেপুটি স্পিকার। বিলটি গত ২৩ জুলাই মন্ত্রিসভায় অনুমোদিত হলেও সংসদে উত্থাপন করতে প্রায় চার মাস সময় লাগার বিষয়টি তুলে ধরে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীকে ভবিষ্যতে সতর্ক থাকার পরামর্শ দেন।

বিলটি উত্থাপনের আগে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরকে উদ্দেশ করে ডেপুটি স্পিকার বলেন, মন্ত্রিসভায় অনুমোদিত একটি বিল সংসদে আসতে তিন-চার মাস সময় লাগার কথা নয়। পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও নির্বাহী বিভাগ থেকে আইনসভায় বিল পাঠাতে দেরি হওয়ায় সংসদ সদস্যরা যথাসময়ে তা পর্যালোচনার সুযোগ পান না।

নির্ধারিত সময় অতিক্রম করায় বিশেষ অনুমতি বা ‘টাইম কন্ডোন’ ব্যবহার করতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি উত্থাপন করতে পারেন, তবে পরবর্তীতে সতর্ক থাকবেন দয়া করে। লেজিসলেচারকে পাওয়ারড করেন, ইগনোর করবেন না।’

বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

ডেপুটি স্পিকারের বক্তব্যের পর গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বগুড়া সিটি করপোরেশন ও এর আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ গঠনের প্রস্তাব করা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) আদলে এ প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত কর্তৃপক্ষ ভূমি ব্যবহারের পরিকল্পনা প্রণয়ন, জরিপ পরিচালনা এবং আধুনিক অবকাঠামো উন্নয়নে কাজ করবে।

সংসদে উত্থাপিত তিন অধ্যাদেশ

এদিকে জাতীয় সংসদের বর্তমান অধিবেশন শুরুর আগে জারি করা তিনটি অধ্যাদেশও সোমবারের বৈঠকে উপস্থাপন করা হয়েছে।

অধ্যাদেশগুলো হলো—‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ–২০২৬’, ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ–২০২৬’ এবং ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ–২০২৬’।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশ তিনটি সংসদে উত্থাপন করেন।

সংসদে বিল উত্থাপনে সময়ক্ষেপণের বিষয়টি তুলে ধরে ডেপুটি স্পিকারের বক্তব্যে আইন প্রণয়নের প্রক্রিয়ায় নির্বাহী বিভাগ ও আইনসভার মধ্যে সময়ানুবর্তিতা এবং সমন্বয়ের গুরুত্ব নতুন করে সামনে এসেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad