কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি, বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৫ শতাংশ: হাসনাত

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ বিকাল
  • ১০৬১২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশে কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে বিদেশে কর্মী পাঠানোর হার ৩৫ শতাংশ কমেছে বলে জাতীয় সংসদে দাবি করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে রাজস্ব আদায়, মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি ও বেসরকারি খাতে ঋণ প্রবাহের পরিস্থিতি তুলে ধরে দেশের অর্থনীতি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, গত অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রার বিপরীতে ৪ লাখ ৩ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। অথচ চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি এই লক্ষ্যমাত্রাকে তিনি অবাস্তব বলে উল্লেখ করেন।

হাসনাত আবদুল্লাহর দাবি, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেই লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় ৩১ শতাংশ কম হয়েছে।

মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ

অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, চলতি বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী বছর শেষে তা ১১ শতাংশে পৌঁছাতে পারে।

অন্যদিকে, বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে। তবে আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশে নেমে আসতে পারে এবং পরবর্তী বছরে তা আরও কমে ২ দশমিক ২ শতাংশ হওয়ার আশঙ্কা রয়েছে বলে সংসদে উল্লেখ করেন তিনি।

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তাঁর ভাষ্য, গত তিন দশকের মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি সর্বনিম্ন ৩ দশমিক ৪২ শতাংশে নেমে এসেছে। এতে বেসরকারি খাতে নতুন বিনিয়োগ ও ঋণপ্রবাহের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন

কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, ১৮ মাসে দেশে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হলেও বাস্তবে কত কর্মসংস্থান হয়েছে, তার সুনির্দিষ্ট হিসাব পাওয়া যাচ্ছে না। বরং বিদেশে কর্মী পাঠানোর হার ৩৫ শতাংশ কমেছে বলে দাবি করেন তিনি।

‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের দুর্নীতির বিচার কোথায়?

সংসদে সম্পূরক প্রশ্নের মাধ্যমে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘আমার বাড়ি আমার খামার’ করা এবং প্রকল্পটিতে দুর্নীতির অভিযোগের বিষয়টি তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ।

তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, প্রকল্পটির মাধ্যমে সমবায়ভিত্তিক কার্যক্রমে কারিগরি ও ভাষাগত দক্ষতা অর্জন করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম কতসংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি করা সম্ভব হয়েছে।

একই সঙ্গে প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে যেসব প্রকল্প পরিচালকের (পিডি) বিরুদ্ধে মামলা হয়েছিল, সেসব মামলার বিচার কার্যক্রম বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

তথ্যসূত্র: জাতীয় সংসদে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad