আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম, যিনি গাজী নজরুল ইসলাম নামে পরিচিত। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দি। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তাঁর গ্রেফতার ও কারাবন্দি থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংসদকে অবহিত করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
অধিবেশনের প্রথম দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ১৭২ বিধিতে পাওয়া একটি চিঠির সংশ্লিষ্ট অংশ ১৭৬ বিধি অনুসারে পড়ে শোনান স্পিকার। সংসদীয় বিধিবিধান অনুযায়ী, অধিবেশন চলাকালে কোনো সংসদ সদস্যের গ্রেফতার বা কারাবন্দি থাকার বিষয়ে লিখিত তথ্য পাওয়া গেলে তা সংসদে উপস্থাপনের বিধান রয়েছে।
যেভাবে গ্রেফতার হন সংসদ সদস্য
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় করা ১৬৯৫ নম্বর সাধারণ ডায়েরির সূত্র ধরে সংসদ সদস্য জি এম নজরুল ইসলামকে রাজধানীর ন্যাম ভবনের বাসা থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরদিন ২১ সেপ্টেম্বর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দণ্ডবিধির ৩০৬ ধারায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়। মামলাটির নম্বর ১৬, জিআর নম্বর ১৯৭।
গ্রেফতারের পর তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে রয়েছেন।
দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা
মামলার পটভূমি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।
এর আগে জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক তরুণীর সঙ্গে সংসদ সদস্যকে দেখা যায়। এ নিয়ে বিতর্কের মধ্যে তিনি নিজেই জানান, ওই তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম।
মামলার এজাহার অনুযায়ী, চলতি বছরের জুনে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর মরিয়ম সংসদ সদস্যের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সঙ্গে একই বাসায় বসবাস করতেন। পরিবারের কাছে তিনি স্বামী ও সতিনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মরিয়মের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। এতে সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। ওই মামলায় সংসদ সদস্য ও তাঁর প্রথম স্ত্রীকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।
তথ্যসূত্র: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের বক্তব্য, মামলার এজাহার।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক