দীর্ঘ ১৭ বছর অন্যায়, নিপীড়ন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বিতর্কিত নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-জনতা দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা নতুনভাবে সূচনা করেছে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেল সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার নিজেই।
স্পিকার বলেন, জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘদিনের। এ দেশের মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার আদায়ে বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।
গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়বিগত সরকারের সমালোচনা করে স্পিকার বলেন, দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে আবার গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়েছে।
তিনি বলেন, গণতন্ত্র ছাড়া কোনো দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংসদের প্রতি জনগণের প্রত্যাশা অনেকজাতীয় সংসদের দায়িত্ব ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে স্পিকার বলেন, এ সংসদের প্রতি জনগণের প্রত্যাশা ব্যাপক। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং মানুষের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ। ভিন্নমতকে সম্মান জানিয়ে সংসদীয় কার্যক্রম পরিচালনা করতে হবে।
মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনা তুলে ধরেন১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতা অর্জনের ইতিহাস আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গৌরবময় অধ্যায়। এ ইতিহাস জাতীয় পরিচয়ের ভিত্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত এ আন্দোলন মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।
বক্তব্যের শেষ পর্যায়ে মহান আল্লাহর কাছে বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সমৃদ্ধি কামনা করেন স্পিকার। একই সঙ্গে সংসদ সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় শক্তি ও প্রজ্ঞা কামনা করেন তিনি।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক