সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এক যুগেরও বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি খাতকে বিদেশের ওপর নির্ভরশীল করে ফেলা হয়েছিল। জনগণের স্বার্থে দেশের খনিজ সম্পদ কাজে লাগানোর পরিবর্তে আমদানিনির্ভর ব্যবস্থা গড়ে তোলা হয়। একইভাবে পরিকল্পিত নীতির মাধ্যমে দেশীয় শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত করা হয়েছিল।
স্বাস্থ্য খাতের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ওই সময়ে দেশের চিকিৎসাব্যবস্থাকে ধীরে ধীরে দুর্বল করে দেওয়া হয়। অতীতে গণতান্ত্রিক সরকারের সময়ে গ্রামীণ স্বাস্থ্যসেবার যে কাঠামো গড়ে উঠেছিল, পরবর্তী সময়ে তা ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যাতে দেশের মানুষ চিকিৎসার জন্য বাধ্য হয়ে একটি বিশেষ দেশে যেতে হয়।
এ প্রসঙ্গে কিছুদিন আগে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতাও দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
ছয় শিল্পাঞ্চলে হবে বিশেষায়িত হাসপাতাল
শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে দেশের ছয়টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত হাসপাতালগুলোর স্থান হিসেবে তিনি টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামের নাম উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী জানান, হাসপাতালগুলো মূলত শ্রমিকদের চিকিৎসাসেবার জন্য পরিচালিত হবে। শ্রমজীবী মানুষের প্রয়োজন বিবেচনায় এসব হাসপাতালের অবকাঠামো ও নামকরণ নির্ধারণ করা হবে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে। শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগও সেই পরিকল্পনার অংশ।

প্রথম দর্পণ,ডেস্ক