নেত্রকোণার মদনে সড়কে হঠাৎ গরুর বাছুর চলে আসায় সেটিকে বাঁচাতে গিয়ে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মদন-নেত্রকোণা সড়কের মদন পৌরসভার সিলেট বাসস্ট্যান্ডসংলগ্ন ভূঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম উপজেলার জাওলা গ্রামের মৃত বুলবুল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অটোরিকশায় করে যাচ্ছিলেন আনোয়ারা বেগম। পথে ভূঁইয়া বাড়ির সামনে হঠাৎ একটি গরুর বাছুর সড়কের মাঝখানে চলে আসে। এ সময় বাছুরটিকে রক্ষা করতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে গুরুতর আহত হন আনোয়ারা বেগম।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রথম দর্পণ,ডেস্ক