সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
এদিন কারাগার থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ আবেদন মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দীন আহমেদ সরণির মহাখালী বাস টার্মিনালসংলগ্ন ইউটার্ন এলাকায় পাকা সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের কয়েকজন সদস্য মিছিল করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান।
অভিযোগে আরও বলা হয়, আসামিরা রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে জনগণ ও দলীয় নেতাকর্মীদের উদ্বুদ্ধ করার ষড়যন্ত্র এবং প্ররোচনা দেন। প্রজাতন্ত্রের ক্ষতিসাধনের উদ্দেশ্যে এ মিছিল করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
এর আগে গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ৫ নভেম্বর ২০২৬।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ