রোববার বেলা ১১টায় বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এ আয়োজন করছে।
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে গুরুত্বসংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, এবারের এক্সপোর মূল প্রতিপাদ্য—‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্প্রসারণ, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এ আয়োজনের প্রধান লক্ষ্য।
লিখিত বক্তব্যে তিনি জানান, সৌরবিদ্যুৎ খাতের উন্নয়নে সরকার ইতোমধ্যে বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬ জারি এবং ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ গ্রহণ করেছে।
এ ছাড়া নেট মিটারিং ব্যবস্থার আওতায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকেন্দ্রের উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
আমদানি শুল্ক ১ শতাংশ, মূসক মওকুফবিদ্যুৎ সচিব বলেন, সৌরবিদ্যুৎ ও ব্যাটারিসংশ্লিষ্ট পণ্যের আমদানি শুল্ক কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। পাশাপাশি এসব পণ্যের ওপর মূল্য সংযোজন কর (মূসক) পুরোপুরি মওকুফ করা হয়েছে।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব বিনিয়োগ ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে অপারেশনাল এক্সপেনডিচার (ওপেক্স) মডেল উৎসাহিত করা হচ্ছে। এ পদ্ধতিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিজস্ব মূলধন বিনিয়োগ করে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে হবে না।
প্রযুক্তি প্রদর্শন ও চারটি সেমিনারদুই দিনের এক্সপোতে সৌর প্যানেল, ইনভার্টার, স্মার্ট গ্রিড প্রযুক্তি, উন্নত ব্যাটারি সংরক্ষণব্যবস্থা এবং আধুনিক সৌর সরঞ্জাম প্রদর্শন করা হবে। পাশাপাশি প্রকল্পে অর্থায়ন, সহজ শর্তে ঋণ ও কারিগরি সহায়তা দিতে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, প্রকল্প উন্নয়নকারী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।
এক্সপোর অংশ হিসেবে ‘পলিসি, পিপল অ্যান্ড ক্যাপিটাল ফর বাংলাদেশের সোলার রেভল্যুশন’ প্রতিপাদ্যে চারটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। এসব সেমিনারে জাতীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের পথনকশা, সরকারি প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং আবাসিক ও শিল্প খাতে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া জ্বালানি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি বিনিয়োগ এবং কার্বন রাজস্বের মাধ্যমে অর্থায়নের সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পাবে। সেমিনারগুলোতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, বিনিয়োগকারী ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর প্রত্যাশাসংবাদ সম্মেলনে আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ এক্সপোর মাধ্যমে সৌরবিদ্যুৎ খাতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়বে এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা জোরদার ও টেকসই অর্থনীতির বিকাশে আয়োজনটি ভূমিকা রাখবে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক