আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’। সিনেমাটি ঘিরে শাহরুখভক্তদের মধ্যে আগ্রহ বাড়ছে। মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে বড় অঙ্কের চুক্তি ছবিটির প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
১৭৫ কোটি রুপিতে স্বত্ব কিনল ফারাস ফিল্মসসম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কাছ থেকে ১৮ মিলিয়ন ডলারের বিনিময়ে ‘কিং’-এর আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব কিনেছে ফারাস ফিল্মস। ভারতীয় মুদ্রায় চুক্তির অঙ্ক প্রায় ১৭৫ কোটি রুপি।
প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, ভারতীয় কোনো সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্ব বিক্রির ক্ষেত্রে এটিই সর্বোচ্চ অঙ্ক। এর আগে কোনো ভারতীয় ছবির বিদেশি স্বত্ব বিক্রির দাম ১০০ কোটি রুপি ছাড়ায়নি।
এর আগে শাহরুখের সিনেমাগুলোর আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস। তবে ‘কিং’-এর ক্ষেত্রে দায়িত্ব পেয়েছে ফারাস ফিল্মস। প্রতিষ্ঠানটি এর আগে প্রভাস অভিনীত ‘সাহো’ সিনেমার বিদেশি পরিবেশনাও করেছে।
নিজের রেকর্ড ভাঙার লক্ষ্যবড় অঙ্কের চুক্তি হলেও ‘কিং’-এর সামনে রয়েছে বক্স অফিসে কঠিন চ্যালেঞ্জ। ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর কয়েক বছর বড়পর্দা থেকে দূরে ছিলেন শাহরুখ। পরে ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে দুর্দান্তভাবে ফিরে আসেন তিনি। একই বছরে মুক্তি পাওয়া ছবি দুটি আন্তর্জাতিক বাজারেও বড় সাফল্য পায়।
‘পাঠান’ ও ‘জওয়ান’—দুটি সিনেমাই আন্তর্জাতিক বাজারে প্রায় ৪০০ কোটি রুপির কাছাকাছি আয় করেছিল। সেই সাফল্য ছাড়িয়ে যেতে ‘কিং’-এর আন্তর্জাতিক বাজারে ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি আয়ের লক্ষ্য সামনে রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফলে এবার শাহরুখের প্রতিদ্বন্দ্বিতা অন্য কোনো তারকার সঙ্গে নয়; বরং নিজের আগের সাফল্যের সঙ্গে।
তারকাবহুল ‘কিং’‘পাঠান’ সিনেমার পর দ্বিতীয়বারের মতো পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে কাজ করছেন শাহরুখ। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লাসহ আরও অনেকে।
২৪ ডিসেম্বর ছবিটি মুক্তির কথা থাকলেও আন্তর্জাতিক বাজারে আগাম স্বত্ব বিক্রির রেকর্ড সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত মুক্তির পর বক্স অফিসে ‘কিং’ কতটা সাফল্য পায়, সেটিই এখন দেখার বিষয়।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স