গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়।
সফর ঘিরে প্রস্তুতি
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রংপুরে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ইসরাত জাহান। তিনি বলেন, সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী রাধা গোবিন্দ মন্দিরের (রংপুর ধর্মসভা) পূজামণ্ডপ পরিদর্শন করবেন। তাঁর পরিদর্শনের সুবিধার্থে রাধা গোবিন্দ মন্দিরের পাশাপাশি শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি মন্দির ও গুপ্তপাড়া মন্দিরও প্রস্তুত রাখা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফর সফল করতে স্থানীয় বিএনপির পক্ষ থেকেও বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সফরকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা তৈরি হয়েছে। দলীয়ভাবেও প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সফরসূচিতে যা রয়েছে
সফরসূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সড়কপথে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশে রওনা দেবেন তিনি। বেলা ১১টার দিকে মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে তাঁর।
রংপুরে কর্মসূচি শেষে সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে তাঁর। সফরসূচি অনুযায়ী, একই দিনে তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।
ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দির
রাধা গোবিন্দ মন্দির রংপুরের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় মিলনকেন্দ্র। স্থানীয়ভাবে এটি ‘রংপুর ধর্মসভা মন্দির’ নামেও পরিচিত। দীর্ঘদিন ধরে মন্দিরটি ধর্মীয় উৎসব, সভা-সমাবেশ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক