শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন আশিকুর রহমান (৩৫) ও নাহিদ ইসলাম (২৬)।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির আওতাধীন বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের কাছের সরকারি মালিকানাধীন উন্মুক্ত স্থানে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছিল। এলাকাটি বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোর সংলগ্ন এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে চিহ্নিত।
এ ঘটনায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
ভেড়ামারার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে দুজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের অতিরিক্ত এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক