পুঠিয়ায় বিসিবির চুরি যাওয়া আট লাগেজের অধিকাংশ উদ্ধার, গ্রেপ্তার ৫

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৬ বিকাল
  • ১৯০৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালপত্রবাহী কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের আটটি লাগেজের অধিকাংশ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় পুঠিয়ার তারাপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এক ক্রিকেটারের লাগেজে থাকা তিন লাখ টাকা এখনো উদ্ধার করা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে অভিযান শুরু করে ডিবি। বৃহস্পতিবার ভোরে পুঠিয়ার তারাপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকে আটক করা হয়। এ সময় চুরি যাওয়া লাগেজের পাশাপাশি পাসপোর্ট, আইফোন, ৩০০ মার্কিন ডলার, ক্রীড়াসামগ্রী, পোশাক, দামি পারফিউম ও অন্যান্য মালপত্র উদ্ধার করা হয়। চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মামুন অর রশিদ জানান, পুলিশের প্রাথমিক তদন্তে গ্রেপ্তার পাঁচজনের পেশাদার অপরাধী হিসেবে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁদের বাড়ি রাজশাহীর পুঠিয়া ও চারঘাট এলাকায়। পুলিশের দাবি, তাঁরা চলন্ত কাভার্ড ভ্যানের দরজা ভেঙে বা কৌশলে খুলে মালপত্র চুরি করতেন। একই কৌশলে বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ।

চুরি ধরা পড়ে যেভাবে

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে রাজশাহী বিভাগের ক্রিকেটাররা ঢাকায় গিয়েছিলেন। মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ শেষে বুধবার সকালে উড়োজাহাজে রাজশাহীতে ফেরেন তাঁরা। অন্যদিকে, বিসিবির একটি কাভার্ড ভ্যানে তাঁদের ৫৪টি লাগেজ রাজশাহীতে আনা হচ্ছিল।

রাজশাহীর হোটেলে মালপত্র নামানোর সময় আটটি লাগেজ খুঁজে পাওয়া যায়নি। পরে ক্রিকেটার এস এম মেহেরাব হোসেন রাজপাড়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের সূত্র ধরে পুঠিয়ার তারাপুর এলাকায় অভিযান চালিয়ে মালপত্র উদ্ধার ও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

চোরাই পোশাক ও পারফিউম ব্যবহারের অভিযোগ

রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাদ্দেদ জামানী সুমন জানান, লাগেজ উদ্ধারের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তাঁরা জেলা ডিবি কার্যালয়ে যান। সেখানে গিয়ে দেখতে পান, আটক ব্যক্তিদের কেউ কেউ ক্রিকেটারদের স্পোর্টস ট্রাউজার ও পোশাক পরে আছেন। লাগেজে থাকা দামি পারফিউমও তাঁদের কেউ কেউ ব্যবহার করেছেন বলে তিনি জানান।

তবে চুরি যাওয়া সব মালপত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এক ক্রিকেটারের ব্যাগে থাকা নগদ তিন লাখ টাকা নিখোঁজ রয়েছে। ওই টাকা উদ্ধারে চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চুরি যাওয়া অবশিষ্ট মালপত্র ও নগদ টাকা উদ্ধারের বিষয়টি তদন্তাধীন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad