শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত এক সাক্ষাৎকারে যুগান্তরকে এসব কথা বলেন আইজিপি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের পেশাদারত্ব, বিতর্কিত ও পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে তিনি কথা বলেন।
গুজব ও অপতথ্য ঠেকাতে ব্যবস্থাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ আইনানুগ, নিরপেক্ষ, পেশাদার ও জনস্বার্থকেন্দ্রিক ভূমিকা পালন করবে বলে জানান আইজিপি।
তিনি বলেন, অপরাধপ্রবণ এলাকা ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানিমূলক অপতথ্য ও সাইবার অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি কমিউনিটি ও বিট পুলিশিং জোরদার করে জনসচেতনতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
আইজিপির ভাষ্য, রাজনৈতিক মতপার্থক্য বা প্রতিদ্বন্দ্বিতা যেন সহিংসতা, ভয়ভীতি, অবৈধ দখল কিংবা সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার কারণ না হয়, সে জন্য আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য পাচারকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থাপুলিশের ভেতরের তথ্য বাইরে পাচারের অভিযোগে অভিযুক্ত সদস্যদের বিষয়ে আইজিপি বলেন, চাকরিতে থাকা অবস্থায় যেসব পুলিশ সদস্য অভ্যন্তরীণ তথ্য বাইরে পাচার করছেন, তদন্তের মাধ্যমে তাঁদের আইনের আওতায় আনা হবে। এ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
অতীতে দলীয় লেজুড়বৃত্তিতে জড়িত থাকার অভিযোগে যেসব পুলিশ সদস্য পলাতক রয়েছেন, তাঁদের সঙ্গে কর্মরত পুলিশ সদস্যদের যোগাযোগের বিষয়টিও খতিয়ে দেখা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে নাপুলিশ বাহিনীতে ষড়যন্ত্রকারীর সংখ্যা খুবই কম বলে মন্তব্য করেন আইজিপি। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রকারীই আইনের ঊর্ধ্বে থাকবেন না।
ফ্যাসিবাদী শাসনামলের ১৭ বছরে নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের চাকরি থাকবে না—এমন প্রচারণাকে গুজব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে, তাদেরও চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আইজিপি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, পুলিশের পেশাদারত্ব নিশ্চিত করা এবং জননিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।

প্রথম দর্পণ,ডেস্ক