বয়সের ব্যবধানের কারণে আলোচনায় থাকা বলিউডের কয়েকজন তারকা দম্পতিকে নিয়ে এ প্রতিবেদন।
সাইফ আলী খান ও কারিনা কাপুরসাইফ আলী খান ও কারিনা কাপুরের বয়সের ব্যবধান প্রায় ১০ বছর। কারিনাকে বিয়ের আগে অভিনেতা সাইফের বিয়ে হয়েছিল অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে। ১৯৯১ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান সারা আলী খান ও ইব্রাহিম আলী খান। ২০০৪ সালে সাইফ ও অমৃতার বিচ্ছেদ হয়।
এরপর ২০১২ সালে কারিনাকে বিয়ে করেন সাইফ। এই দম্পতির দুই পুত্রসন্তান তৈমুর ও জেহ। ভক্তদের কাছে জনপ্রিয় এই জুটি ‘সাইফিনা’ নামে পরিচিত।
রণবীর কাপুর ও আলিয়া ভাটবলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ১১ বছর। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় একসঙ্গে ছবি প্রকাশ করে ভালোবাসার কথা জানান তাঁরা।
২০২২ সালের এপ্রিলে বিয়ে করেন রণবীর ও আলিয়া। নিজেদের ফ্ল্যাটের বারান্দায় ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ে হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। একই বছরের নভেম্বর মাসে তাঁদের কন্যাসন্তান রাহা কাপুরের জন্ম হয়।
শহীদ কাপুর ও মীরা রাজপুতঅভিনেতা শহীদ কাপুর ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন। তাঁদের বয়সের ব্যবধান ১৪ বছর। শহীদের বয়স ৪৫ বছর এবং মীরার ৩১ বছর।
২০১৬ সালে তাঁদের কন্যাসন্তান মিশা কাপুরের জন্ম হয়। ২০১৮ সালে তাঁদের পরিবারে আসে পুত্রসন্তান জেইন কাপুর। দাম্পত্য জীবনে শহীদ ও মীরা নিয়মিতই ভক্তদের ভালোবাসা পেয়ে আসছেন।
সঞ্জয় দত্ত ও মান্যতা দত্তঅভিনেতা সঞ্জয় দত্ত ও মান্যতা দত্তের বয়সের ব্যবধান ১৯ বছর। সঞ্জয় দত্তের বয়স ৬৭ বছর এবং মান্যতার ৪৮ বছর। তাঁদের দুই সন্তানের নাম শহরান দত্ত ও ইকরা দত্ত।
এর আগে ১৯৮৭ সালে অভিনেত্রী রিচা শর্মাকে বিয়ে করেছিলেন সঞ্জয়। ১৯৮৮ সালে তাঁদের কন্যা ত্রিশলা দত্তের জন্ম হয়। ১৯৯৬ সালে রিচা শর্মার মৃত্যু হয়। এরপর ১৯৯৮ সালে রিয়া পিল্লাইকে বিয়ে করেন সঞ্জয়। ২০০৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়।
আরবাজ খান ও শুরা খানঅভিনেতা ও নির্মাতা আরবাজ খান তাঁর চেয়ে ২৩ বছরের ছোট শুরা খানকে বিয়ে করেছেন। পেশায় রূপবিশেষজ্ঞ শুরার সঙ্গে ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ।
২০২৫ সালের অক্টোবরে তাঁদের কন্যাসন্তান সিপারার জন্ম হয়। এটি আরবাজের দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরাকে ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন তিনি। তাঁদের একমাত্র পুত্রসন্তান আরহান খান। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য সম্পর্কের পর ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদ হয়।
মিলিন্দ সোমান ও অঙ্কিতা কনওয়ারঅভিনেতা ও মডেল মিলিন্দ সোমান এবং অঙ্কিতা কনওয়ারের বয়সের ব্যবধান প্রায় ২৬ বছর। বয়সের এত বড় ব্যবধান নিয়ে একসময় নানা আলোচনা হলেও তা তাঁদের সম্পর্কে প্রভাব ফেলেনি।
দীর্ঘদিনের প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেন মিলিন্দ ও অঙ্কিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তাঁদের একসঙ্গে ছবি ও ভিডিও দেখা যায়। বয়সের ব্যবধান নিয়ে সমালোচনার জবাবও বিভিন্ন সময় নিজেদের মতো করে দিয়েছেন তাঁরা।
তথ্যসূত্র: প্রথম আলো, প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০০; প্রতিবেদক, মুম্বাই।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স