বুধবার (২৮ অক্টোবর) কলকাতার কাঁকুরগাছিতে একটি গহনা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের শোরুম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের নতুন সিনেমা ও কলকাতার প্রতি ভালোবাসার কথা বলেন সারা।
মঞ্চে উঠে কলকাতা নিয়ে অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘কলকাতা, আমি তোমাকে ভালোবাসি!’ শহরটির সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। সারা বলেন, কলকাতা তাঁর ঠাকুরমা শর্মিলা ঠাকুরের শহর। সেখানে এসে তাঁর খুব ব্যক্তিগত অনুভূতি হচ্ছে। শর্মিলা ঠাকুরের ব্যক্তিত্বকে নিজের আদর্শ উল্লেখ করে তিনি বলেন, তাঁর ঠাকুরমা সুন্দর ব্যক্তিত্বের অধিকারী এবং দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে চলেছেন।
অনুষ্ঠানে কেদারনাথ ভ্রমণের প্রসঙ্গেও কথা বলেন সারা আলি খান। জায়গাটিকে নিজের প্রিয় বলে উল্লেখ করে তিনি বলেন, সেখানে বারবার যেতে চান। কেদারনাথে গেলে যে শান্তি ও অনুভূতি পান, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
সারা আলি খানের নতুন সিনেমা ‘উড়তা তীর’ মুক্তি পেয়েছে গত ২৩ অক্টোবর। করণ জোহর প্রযোজিত সিনেমাটিতে আয়ুষ্মানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সিনেমাটি নিয়ে কথা বলতে গিয়ে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।
সারা বলেন, একজন অভিনেত্রী হিসেবে নতুন নতুন চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়া তাঁর দায়িত্ব। ‘উড়তা তীর’-এ তাঁর অভিনীত চরিত্রটি অন্য সিনেমার চরিত্রগুলোর তুলনায় সম্পূর্ণ আলাদা। দর্শকদের সিনেমাটিকে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি জানান, এটি এখনো প্রেক্ষাগৃহে চলছে।

প্রথম দর্পণ,ডেস্ক