শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড় বয়ড়া এলাকায় যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুই শ্রমিক হলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কাশিম নগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে ফয়সাল (১৯) এবং নোয়াখালীর মাইজদী উপজেলার আন্তার চর এলাকার লোকমান হোসেন মৃধার ছেলে মোরশেদ (২৫)। ফয়সাল শ্রমিক এবং মোরশেদ বলগেটের ইঞ্জিন মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।
তীব্র স্রোতে ব্যাহত উদ্ধারকাজসিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক শরীফুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় যমুনা নদীতে বালুবোঝাই একটি বলগেট ডুবে যায়। এতে বলগেটে থাকা চার শ্রমিকও নদীতে পড়ে যান। তাদের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অপর দুজন নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। তবে নদীর তীব্র স্রোতের কারণে পানির গভীরে যাওয়া সম্ভব হচ্ছে না। রোববার দিনভর চেষ্টা চালিয়েও নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধার করা যায়নি। সোমবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
ইঞ্জিন রুমে আটকে থাকার আশঙ্কাশরীফুল ইসলাম বলেন, বর্ষা মৌসুম হওয়ায় বর্তমানে নদীতে তীব্র স্রোত রয়েছে। এ স্রোতের কারণেই বালুবোঝাই বলগেটটি ডুবে যায়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, নিখোঁজ দুই শ্রমিক বলগেটের ইঞ্জিন রুমে আটকে থাকতে পারেন। কিন্তু নদীর তীব্র স্রোতের কারণে সেখানে নেমে উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছে না। বলগেটে থাকা বালু আনলোড করা গেলে সেটি ওপরে তোলা সম্ভব হবে। আশা করছি, আজই তাদের উদ্ধার করা যাবে।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)