ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সংযোগ হুক ভেঙে ইঞ্জিনসহ তিন বগির সঙ্গে পেছনের অংশের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। চালকের তাৎক্ষণিক পদক্ষেপে ট্রেনটি থামানো সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে ওই পথে চলাচলকারী অন্য ট্রেনগুলোও বিভিন্ন স্টেশনে সাময়িকভাবে আটকা পড়ে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস শুক্রবার দুপুর ৩টা ২৫ মিনিটে গাজীপুরের কাওরাইদ রেলওয়ে স্টেশন অতিক্রম করে। পরে গফরগাঁওয়ের মশাখালী স্টেশনে প্রবেশের আগে চলন্ত অবস্থায় ট্রেনটির সংযোগ হুক ভেঙে ইঞ্জিনসহ তিনটি বগির সঙ্গে পেছনের অংশের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এইচএম বাসার ঘটনাটি নিশ্চিত করেছেন।
মশাখালী রেলওয়ে স্টেশনমাস্টার মো. মাসুম মিয়া জানান, কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী স্থানে ট্রেনটির সংযোগ হুক ভেঙে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন বগিগুলোর সংযোগ হুক মেরামতের কাজ শুরু করেন।
তিনি আরও জানান, মেরামত শেষে বিকেল ৫টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস পুনরায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এর আগে বিকেল সাড়ে ৩টার পর থেকে রেলপথটিতে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।

প্রথম দর্পণ,ডেস্ক