শনিবার (২১ নভেম্বর) নড়াইল জেলা পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি। পুলিশের দাবি, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে দিচ্ছেন।
দুই বিএনপি নেতা হত্যার জেরে উত্তেজনা
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেটসংলগ্ন বটতলা এলাকায় বিএনপির একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বেন্দারচর গ্রামের দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিক্ষুব্ধ স্বজনদের হামলা, এলাকায় অতিরিক্ত পুলিশ
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, জোড়া হত্যাকাণ্ডের জেরে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নিহতদের স্বজন ও উত্তেজিত লোকজন বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ অন্তত ১৫ থেকে ১৬টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।
খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা পুলিশের ভাষ্য, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।

প্রথম দর্পণ,ডেস্ক