৭৫টি পুকুরের ব্যবস্থাপনায় হিমশিম, জরাজীর্ণ আবাসিক ভবন ও নষ্ট জেনারেটর
লক্ষ্মীপুরের রায়পুরে অবস্থিত এশিয়ার অন্যতম বৃহৎ মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রটি জনবল ও অবকাঠামোগত সংকটে ধুঁকছে। ৭৭টি অনুমোদিত পদের বিপরীতে দীর্ঘদিন ধরে ৬১টি পদ শূন্য রয়েছে। কর্মরত আছেন মাত্র ১৩ জন। জনবল সংকটের পাশাপাশি বন্ধ রয়েছে ল্যাবরেটরি, জরাজীর্ণ হয়ে পড়েছে আবাসিক ভবন ও ডরমিটরি। নষ্ট হয়ে আছে বড় জেনারেটর। পর্যাপ্ত পানির পাম্প না থাকায় ৭৫টি পুকুরের ব্যবস্থাপনাও কঠিন হয়ে পড়েছে। জাতীয় মৎস্যসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে ৫৪ একর জমির ওপর কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এখানে রয়েছে ৭৫টি পুকুর। মৎস্য প্রজনন, রেণু পোনা উৎপাদন ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রতিষ্ঠানটি। তবে প্রয়োজনীয় জনবল না থাকায় নিয়মিত কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের।
গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন শূন্যকেন্দ্রটির জনবল সংকটের চিত্র আরও উদ্বেগজনক। প্রথম শ্রেণির ১০টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র দুজন। বৈজ্ঞানিক কর্মকর্তার ছয়টি পদের একটিতেও কেউ নেই। দ্বিতীয় শ্রেণির একটি পদও শূন্য। তৃতীয় শ্রেণির ৪১টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র আটজন। হিসাবরক্ষক, ক্যাশিয়ার, গুদামরক্ষক ও দক্ষ ফিশারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদগুলোও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। চতুর্থ শ্রেণির ২৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ১২ জন।
কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ আকন্দ বলেন, ৭৭ জনবলের বিপরীতে কাগজে-কলমে ১৮ জন পদায়িত রয়েছেন। এর মধ্যে পাঁচজন প্রেষণে আছেন। বাকি ১৩ জনকে দিয়ে পুরো প্রতিষ্ঠানের কাজ চালাতে হচ্ছে।
তিনি বলেন, জনবল সংকটের বিষয়টি জানিয়ে প্রতি মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হচ্ছে। সংকটের মধ্যেও চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আশা করছি, শিগগিরই জনবলের সংকট দূর হবে।
বন্ধ ল্যাবরেটরি, নষ্ট জেনারেটরসরেজমিনে দেখা যায়, প্রয়োজনীয় জনবল ও রক্ষণাবেক্ষণের অভাবে কেন্দ্রটির ল্যাবরেটরি বন্ধ রয়েছে। আবাসিক ভবনগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। একই অবস্থা ডরমিটরি ভবনের। কেন্দ্রের এক পাশের সীমানাপ্রাচীরও ধসে পড়ার উপক্রম।
৭৫টি পুকুরে পানি সরবরাহ ও সেচের জন্য পর্যাপ্ত পাম্প নেই। বড় জেনারেটরটি দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় বিদ্যুৎ না থাকলে ছোট একটি জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। পুরোনো যন্ত্রাংশ মেরামত করে কোনো রকমে চালানো হচ্ছে হ্যাচারির কার্যক্রম।
উৎপাদন ও প্রশিক্ষণ কার্যক্রমে ঝুঁকিমৎস্যসম্পদ উন্নয়ন ও রেণু পোনা উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রতিষ্ঠানটির এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় জনবল নিয়োগ, অবকাঠামো সংস্কার, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ এবং কার্যকর রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তাদের মতে, পরিকল্পিত উদ্যোগ নেওয়া না হলে প্রতিষ্ঠানটির উৎপাদন ও প্রশিক্ষণ কার্যক্রম দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক