নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ-সংক্রান্ত ভিডিওগুলো পুরোনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলেও জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২১ নভেম্বর) নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদারের পাঠানো এক লিখিত বার্তায় এসব তথ্য জানানো হয়।
পুলিশের দাবি, বেন্দারচর গ্রামে কোনো হিন্দু পরিবারের বসতি নেই। সেখানে হিন্দু পরিবারের সদস্য কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।
দুই বিএনপি নেতাকর্মী হত্যার পর উত্তেজনাপুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেট-সংলগ্ন বটতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির একটি মিছিলে হামলা চালান। এতে কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
হত্যাকাণ্ডে জড়িতদের বাড়িতে হামলাপুলিশ জানায়, দুই নেতাকর্মী হত্যার জেরে গত ২০ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে নিহতদের বিক্ষুব্ধ স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন।
একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান। খবর পেয়ে কালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিও নিয়ে সতর্কতাহিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার অভিযোগসংবলিত ভিডিওগুলোকে পুরোনো ও এআই দিয়ে তৈরি বলে উল্লেখ করেছে পুলিশ। এসব ভিডিওকে কেন্দ্র করে ছড়ানো তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

প্রথম দর্পণ,ডেস্ক