অসময়ের বৃষ্টিতে বিপাকে আমনচাষিরা, মাঠে ভেজা ধান নিয়ে লোকসানের শঙ্কা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ দুপুর
  • ১০৪৮৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন মাঠে পাকা ও কাটা আমন ধান ভিজে গেছে। এতে ধান শুকানো, মাড়াই ও ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ধানের গুণগত মান ও বাজারমূল্য কমে যাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।

শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, অনেক কৃষক কেটে রাখা ধান জমিতেই স্তূপ করে রেখেছেন। বৃষ্টির পানিতে এসব ধান ভিজে গেছে। কোথাও কোথাও জমিতে পানি জমে থাকায় ধান সংগ্রহের কাজ ব্যাহত হচ্ছে।

কৃষকদের আশঙ্কা, ভেজা ধান সময়মতো শুকাতে না পারলে ধানের মান নষ্ট হতে পারে। এতে বাজারে ন্যায্যমূল্য পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়ামতপুরের আটটি ইউনিয়নে চলতি মৌসুমে ৩১ হাজার ৪০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে আবাদ হয়েছে ৩০ হাজার ৪৪০ হেক্টর জমিতে। উপজেলায় সবচেয়ে বেশি চাষ হয়েছে স্বর্ণা-৫ জাতের ধান। এরপর রয়েছে ব্রি-৫১ জাতের ধান। এ পর্যন্ত মোট আবাদি জমির প্রায় ৪০ শতাংশের ধান কাটা হয়েছে।

উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা গ্রামের কৃষক হারুন অর রশিদ বলেন, কয়েক দিন আগে ছয় বিঘা জমির ধান কেটে মাঠে রেখে দিয়েছিলেন। হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে সব ধান ভিজে গেছে। ভেজা ধান বিক্রি করতে গেলে ভালো দাম পাওয়া যাবে না বলে আশঙ্কা করছেন তিনি। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

ভাবিচা গ্রামের কৃষক ক্ষুদু মহন্ত জানান, বৃষ্টি শুরুর মাত্র এক দিন আগে তিনি ধান কেটেছিলেন। কিন্তু বৈরী আবহাওয়ায় কাটা ধান পানিতে ভিজে যাচ্ছে। সময়মতো ধান শুকাতে না পারলে ফসলের ক্ষতি হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

তবে কৃষকদের উদ্বেগের মধ্যেও বড় ধরনের ফসলহানির আশঙ্কা দেখছে না কৃষি বিভাগ। নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ধান কাটা ও সংগ্রহে কৃষকেরা সাময়িক ভোগান্তিতে পড়েছেন। তবে এ বৃষ্টিতে ফসলের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।

তিনি আরও বলেন, রোববার থেকে আবহাওয়া স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করছেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad