ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপির একটি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়টি পুড়ে যাওয়ার পাশাপাশি ভেতরে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বারবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে এক নারী বিএনপি কার্যালয়ে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র রক্ষা করা সম্ভব হয়নি।
স্থানীয় ছাত্রদল কর্মী শাকিল খান জানান, আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যাওয়ায় কার্যালয়ের টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে দুর্বৃত্তরা হাসিলবাগ গ্রামের বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। এ ঘটনায় কার্যালয়ের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি আরও বলেন, এ ঘটনার প্রতিবাদে বিএনপি অচিরেই কালীগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে।
এদিকে, ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক