বোমা হামলায় অর্থের প্রস্তাব, ঢাবির দুই কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০২:০২ দুপুর
  • ৮৩৮৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। বরখাস্ত হওয়া কর্মচারীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীকে বোমা হামলার জন্য জনপ্রতি এক হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকেই কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত জরুরি সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, সাময়িক বরখাস্ত হওয়া এস্টেট অফিসের কর্মচারী মোহাম্মদ আমানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীকে বোমা হামলার জন্য এক হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। পরে এক কর্মচারী বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন।

তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে আমানুল্লাহকে ডেকে পাঠানো হলেও তিনি উপস্থিত হননি। তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী। তিনি শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে নির্বাচিত সদস্য ছিলেন।

অন্যদিকে, কর্মচারী মোহাম্মদ আমানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসে স্যানিটারি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি হিসেবে পরিচিত।

২০২৪ সালের ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আওয়ামীপন্থি কর্মকর্তা-কর্মচারীদের একটি মিছিলে আমানুল্লাহকে অংশ নিতে দেখা যায় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ককটেল বিস্ফোরণে মামলা

এদিকে, গত ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অপরাধে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় বা পদমর্যাদা বিবেচনা না করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad