কক্সবাজারের টেকনাফে ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের বলেছেন, দেশে প্রধানমন্ত্রী কে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। কখনো মনে হয় সালাহউদ্দিন প্রধানমন্ত্রী, আবার কখনো মনে হয় তারেক রহমান প্রধানমন্ত্রী। কে প্রধানমন্ত্রী, তা সংশ্লিষ্টদের বসে ঠিক করার পরামর্শ দেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে টেকনাফ পৌর শহরের শাপলা চত্বরে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধান দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা। কিন্তু তিনি এসব দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না। বিভিন্ন বিষয়ে তাকে কথা বলতে দেখা গেলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সন্ত্রাসীরা বোমা নিক্ষেপ করেছে। এমন ঘটনার পরও স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে দাবি করেন, তা বোধগম্য নয়।
টেকনাফে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। তিনি বলেন, এত মানুষের হত্যাকাণ্ডের পরও কীভাবে আওয়ামী লীগ ও যুবলীগ মিছিল করার সুযোগ পায়, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ভবিষ্যতে টেকনাফে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাদের আটক করে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের দাবি
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে জাবের বলেন, তিনি ভারত চলে গেলেও জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্বজনদের ক্ষোভ এবং বিচারপ্রত্যাশীদের দাবি এখনো শেষ হয়নি। ডিসেম্বরের আগেই শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানান তিনি।
তার ভাষ্য, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হলে বিচারপ্রত্যাশীদের ক্ষোভ থেকে যাবে।
তিন দফা দাবি তুলে ধরল ইনকিলাব মঞ্চ
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবি তুলে ধরেন আব্দুল্লাহ আল জাবের। দাবিগুলো হলো—
১. শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা।
২. গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করা।
৩. জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।
একই সঙ্গে এসব হত্যাকাণ্ডে জড়িত ভারতে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয়।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা বক্তব্য দেন।
এর আগে সংগঠনটির নেতাকর্মীরা টেকনাফ বাসস্টেশন থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

প্রথম দর্পণ,ডেস্ক