রাকসু নির্বাচন না দিলে ভিসির বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি শিবিরের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৬ রাত
  • ১২১৯৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নির্বাচনের নতুন তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবি; প্রশাসনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের নতুন তফসিল ঘোষণা এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে দ্রুত নির্বাচনের উদ্যোগ না নিলে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সল অভিযোগ করেন, গত রাকসু নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের অন্যতম ইশতেহার ছিল নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা। এর উদ্দেশ্য ছিল, যাতে কোনো পক্ষ নির্বাচন বন্ধ করতে না পারে। নির্বাচিত প্রতিনিধিরা বারবার এ দাবি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা আমলে নেয়নি। নির্বাচনসংক্রান্ত গঠিত কমিটির কার্যক্রমও দৃশ্যমান হয়নি।

তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য উপাচার্যের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও সময় পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য ক্যাম্পাসে থাকবেন না বলে জানানো হলেও তাঁকে অফিস করতে দেখা গেছে। এতে প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

মুজাহিদ ফয়সল বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার উপেক্ষা করে নির্বাচন নিয়ে গড়িমসি করা হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে এর জবাব দেবেন। উপাচার্য রাকসুর সভাপতি হিসেবে নির্বাচন আয়োজনের দায়িত্ব এড়াতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাফেজ মেহেদী হাসান বলেন, রাকসু নির্বাচন আয়োজন নির্বাচন কমিশনের এবং ভর্তি পরীক্ষা পরিচালনা ডিনদের দায়িত্ব। প্রশাসন একই সময়ে এ দুটি কার্যক্রম চালাতে না পারলে তা ব্যর্থতার পরিচয় হবে। এ পরিস্থিতিকে তিনি প্রশাসনের অদক্ষতা ও ‘ওপর মহলের ষড়যন্ত্রের’ ফল বলেও মন্তব্য করেন।

সংগঠনটির প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব বলেন, ১৯৭৩ সালের অ্যাক্ট অনুযায়ী পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম। দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও সিনেট কার্যকর করা হয়নি। তাঁর মতে, সিনেট কার্যকর হলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন জোরদার হবে এবং প্রশাসনকে রাজনৈতিক প্রভাবের ওপর নির্ভর করতে হবে না।

মেয়াদ শেষের পর নির্বাচন দাবি

এর আগে গত ২৫ অক্টোবর রাকসু বডির মেয়াদ শেষ হয়। এরপর নতুন নির্বাচনের দাবিতে ইসলামী ছাত্রশিবিরের পাশাপাশি সাবেক জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে গঠিত ‘রাবি সংস্কার আন্দোলন’ প্ল্যাটফর্মও সক্রিয় রয়েছে।

মানববন্ধনে ছাত্রশিবির নেতারা দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা, রাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকরের দাবি জানান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad