২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। একই সঙ্গে সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের জরুরি সভায় উপস্থিত হয়ে ফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বোর্ডের কলেজ পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) কুদরাত ই খুদার স্বাক্ষরে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের কাছে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এ অবস্থায় বিধি অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ও সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।
এ জন্য আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। সভায় যোগ দেওয়ার সময় গত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।
বোর্ডের এ উদ্যোগের মাধ্যমে শূন্য পাস করা কলেজগুলোর শিক্ষার পরিবেশ, প্রশাসনিক কার্যক্রম ও একাডেমিক ব্যবস্থাপনা পর্যালোচনা করা হবে বলে সংশ্লিষ্ট নোটিশে উল্লেখ করা হয়েছে।
শিক্ষা বোর্ডের প্রকাশিত তালিকায় শূন্য পাস করা ২৬টি কলেজের নাম রয়েছে। এসব প্রতিষ্ঠানের ফলাফল ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর, ৫ নভেম্বর ২০২৬; মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
শূন্য পাস করা ২৬ কলেজের তালিকা: ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত তালিকা (পিডিএফ)

প্রথম দর্পণ,ডেস্ক