রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি, আবেদন ১২ নভেম্বর থেকে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ দুপুর
  • ৪১৩৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৮ জানুয়ারি। ওই দিন বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।

সোমবার (২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় পরীক্ষার তারিখ ও আবেদনের যোগ্যতা নিয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

তিন ইউনিটের পরীক্ষার সময়সূচি

সভা সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে তিন ধাপে। সূচি অনুযায়ী—

৮ জানুয়ারি: বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিট।

৯ জানুয়ারি: বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিট।

১৬ জানুয়ারি: মানবিক অনুষদভুক্ত ‘এ’ ইউনিট।

মানবিক ও বিজ্ঞান বিভাগে জিপিএর শর্ত কমল

চলতি বছরের এইচএসসি পরীক্ষার সামগ্রিক ফল বিবেচনায় মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম জিপিএর শর্ত শিথিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মানবিক বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬ দশমিক ৫০। গত শিক্ষাবর্ষে এ বিভাগের শিক্ষার্থীদের আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ ৭ থাকার শর্ত ছিল।

অন্যদিকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৭। গত শিক্ষাবর্ষে এ বিভাগের জন্য মোট জিপিএর শর্ত ছিল ৭ দশমিক ৫০।

ব্যবসায় শিক্ষা অনুষদের বিভাগগুলোতে আবেদনের যোগ্যতার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিভাগের ক্ষেত্রেও জিপিএর শর্ত শিথিল করা হতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক বেলাল হোসেন।

তিনি বলেন, চলতি বছর এইচএসসি পরীক্ষার ফল তুলনামূলক খারাপ হওয়ায় শিক্ষার্থীদের ভর্তির বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক ও বিজ্ঞান বিভাগের আবেদনের যোগ্যতা শিথিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের ক্ষতির মুখে না পড়ে, সেটি গুরুত্ব দেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে ভর্তি উপকমিটির আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, পরবর্তী সভাগুলোতে ভর্তি কার্যক্রমের অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

উল্লেখ্য, চলতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর, রাজশাহী ব্যুরো ও রাবি প্রতিনিধি, ৩ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad