সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূঁইয়াগাঁতী থেকে ধানগড়া সড়কের সংস্কারকাজ দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। দীর্ঘ তিন বছর ধরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়কটির সংস্কারকাজ চললেও এখনো তা শেষ হয়নি। বর্তমানে কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন সড়কটি ব্যবহারকারী সাধারণ মানুষ।
রবিবার সকালে উপজেলার তেলিজানা আলিম সিনিয়র মাদ্রাসার সামনে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা ছানোয়ার হোসেন, ফরিদুল ইসলাম, সুলতান মাহমুদ, একরামুল হকসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারকাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। সড়কে বিছানো খোয়া থেকে উড়ছে লাল ধুলা। এতে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের চলাচলে ভোগান্তি হচ্ছে। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
তাঁরা আরও বলেন, গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। বিশেষ করে শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ তিন বছরেও সংস্কারকাজ শেষ না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধন চলাকালে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ করে দেন। এতে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে মানববন্ধন শেষে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ফজলুল হক জানান, বিটুমিনের দাম বেড়ে যাওয়ার কারণে সড়কটির সংস্কারকাজ বন্ধ রয়েছে। আশা করছি, অতিদ্রুত সড়কটির সংস্কারকাজ আবারও চালু হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে অতিদ্রুত কাজ শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে সড়কটির সংস্কারকাজ শুরু করা না হলে অনির্দিষ্টকালের জন্য সড়কটি বন্ধ করে দেওয়া হবে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত সংস্কারকাজ শুরুর দাবি জানান তাঁরা।

প্রথম দর্পণ,ডেস্ক