‘পানির ন্যায্য হিস্যা না দিলে ভারতকে করিডোর-ট্রানজিট নয়’

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫১ রাত
  • ৪৪৪৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশের নদ-নদীতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে ভারতকে কোনো ধরনের করিডোর বা ট্রানজিট সুবিধা দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নদীতে পানি না এলে ভারতীয় পণ্য বাংলাদেশে আসতে পারবে না। একই সঙ্গে ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখার পক্ষেও মত দেন তিনি।

রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশের নদ-নদীতে পানি না এলে ভারতীয় পণ্য আমদানির সুযোগ, করিডোর বা ট্রানজিট সুবিধা দেওয়া উচিত নয়। একইভাবে ভারতীয় টেলিভিশন চ্যানেল সম্প্রচারের সুযোগও দেওয়া উচিত হবে না। এ ছাড়া মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাপানের সঙ্গে সরকারের আলোচনা ও চুক্তির বিষয়টি জনগণের সামনে স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় সংস্কারের প্রত্যাশা তৈরি হয়েছিল। এ লক্ষ্যে ঐকমত্য কমিশন গঠন, গণভোট আয়োজন ও জুলাই সনদ প্রণয়ন করা হয়। কিন্তু নির্বাচনের পর সরকার এসব বিষয় অস্বীকার করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়ে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে গণভোটে অংশ নিয়ে জনগণ পরিবর্তনের পক্ষে মত জানিয়েছে। গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, জনগণ দুই দফায় পরিবর্তনের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

সরকারের গঠিত নতুন কমিটিতে বিরোধী দলকে আলোচনার জন্য ডাকার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সালাউদ্দিন সাহেবের কোনো কমিটিতে বিরোধী দল যাবে না বা সেখানে মতামত দেবে না। এখন বাস্তবায়নের সময়। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার করতে হবে।

সংস্কার প্রশ্নে সরকারের টালবাহানার পরিণতি সরকারকে ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাঁর অভিযোগ, অতীতের ১৯৯৬ ও ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে সৃষ্ট সংকটের পুনরাবৃত্তির চেষ্টা চলছে এবং আগামী নির্বাচনে নিজেদের পছন্দের লোক বসানোর পরিকল্পনা করা হচ্ছে।

কর্মসংস্থান ও শ্রমিকের মজুরি নিয়ে উদ্বেগ

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আট মাসে তরুণদের কর্মসংস্থান, শ্রমিকদের ন্যায্য মজুরি ও রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তরুণ উদ্যোক্তা তৈরিতে ঋণ, প্রশিক্ষণ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি।

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগে চাপ দেওয়া হচ্ছে এবং সেখানে দলীয় লোকজনকে বসানোর চেষ্টা চলছে। অথচ চাকরিতে বৈষম্য ও স্বজনপ্রীতির বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়েই জুলাই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল।

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে ন্যায্য মজুরির যৌক্তিক সমাধান করতে হবে। আন্দোলন দমনে পুলিশ ব্যবহার না করারও দাবি জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এনসিপি আহ্বায়ক। এ ছাড়া ওসমান হাদি হত্যার বিচার, জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মামলাগুলোর বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা এবং রাজনৈতিক মামলার মাধ্যমে হয়রানি বন্ধের দাবি জানান তিনি।

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে আখতার হোসেনের অভিযোগ

সম্মেলনে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগের মিছিল, বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সরকার কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। তাঁর দাবি, গোয়েন্দা তথ্য থাকার পরও এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সরকারের সক্ষমতার ঘাটতি দেখা যাচ্ছে।

তিনি বলেন, সরকার যদি জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না চায়, তাহলে তাদের জন্য আফসোস। নিয়মতান্ত্রিক পন্থায় রাজনীতি পরিচালনার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হলে রাষ্ট্র পরিচালনার নৈতিক যুক্তি হারাবে।

প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাসীরুদ্দীন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আওয়ামী লীগের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আওয়ামী লীগকে ‘গোখরা সাপ’ আখ্যা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ের ভেতরেও অনেকে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। তাঁদের বিষয়ে সতর্ক হওয়ার পাশাপাশি গোয়েন্দা সংস্থার তথ্য যাচাই করার পরামর্শ দেন তিনি।

জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad