‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচিতে ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার নিবন্ধিত খেলোয়াড়েরা অংশ নেয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খানের নির্দেশনায় খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ এ আয়োজন করে। এতে চরখোকশাবাড়ী উচ্চ বিদ্যালয়, হিলফুল ফুজুল মডার্ন উচ্চ বিদ্যালয়, আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, খোকশাবাড়ী সদর টেকনিক্যাল বিএম কারিগরি স্কুল ও শালুয়াভিটা আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। ইউনিয়নের নিবন্ধিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করে।
বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে খেলোয়াড় বাছাই করা হয়। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. ওয়াজেদ আলী।
উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। এ সময় হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসরাইল হোসেন, ইউনিয়ন বিএনপির নেতা আব্দুর রহিম মাস্টার ও সুলতান মাহমুদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাজমুল হুদাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সিজন-২-এর প্রতিযোগিতার নিয়ম ও ইভেন্ট
আয়োজক সূত্রে জানা যায়, নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে সাধারণ ইভেন্টে অংশগ্রহণের বয়সসীমা ১০ থেকে ১৪ বছর। এ ক্ষেত্রে জন্মতারিখ হতে হবে ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৬-এর মধ্যে। দাবা ইভেন্টে বয়সসীমা ৮ থেকে ১৪ বছর; জন্মতারিখ ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৮-এর মধ্যে হতে হবে।
এবারের প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস—মোট ১০টি ইভেন্ট রাখা হয়েছে। একজন খেলোয়াড় সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশ নিতে পারবেন।
উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয়—চারটি পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অঞ্চল পর্যায়ে ১০টি অঞ্চল থেকে খেলোয়াড়েরা অংশ নেবেন। প্রতিযোগিতায় মেডেল, ট্রফি ও সনদ দেওয়ার পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বিশেষ প্রশিক্ষণের সুযোগ রাখার কথা জানানো হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক