‘সরকারি অফিসগুলো এখন বিএনপির অফিস, সেখান থেকে তারা টেন্ডার নিয়ন্ত্রণ করে’

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ দুপুর
  • ২৭১৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম

সরকারি বিভিন্ন দপ্তরকে বিএনপির কার্যালয়ে পরিণত করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে সতর্ক করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, সময় থাকতে সঠিক পদক্ষেপ না নিলে প্রধানমন্ত্রীকে এর পরিণতি ভোগ করতে হতে পারে।


শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


অলি আহমদ অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জেলা পরিষদ, ওয়াসা, বিভিন্ন করপোরেশন, সিটি করপোরেশন ও পৌরসভাসহ বিভিন্ন সরকারি দপ্তর বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে। এসব দপ্তর থেকে সরকারি টেন্ডার নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।


তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় মানুষের জমি ও ভিটাবাড়ি দখল এবং ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপের ঘটনা ঘটছে। এ ধরনের কর্মকাণ্ডের দায় শেষ পর্যন্ত সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।


প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এলডিপি সভাপতি বলেন, বর্তমানে যারা তাঁর সঙ্গে রয়েছেন, পরিস্থিতি পরিবর্তিত হলে তাঁরা নিজেদের দায় এড়িয়ে যেতে পারেন। তখন সব দায় প্রধানমন্ত্রীর ওপরই বর্তাবে।


তিনি প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেন, সময় থাকতে সঠিক পথে ফিরে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। অন্যথায় সামনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন।

উল্লেখ্য, ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত লংমার্চের উদ্বোধনী সমাবেশে জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad