অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে
যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে মোহাম্মদ হাচিবুর রহমান (৩৩) নামে এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে দেশটির মেরিল্যান্ড জেলার মার্কিন অ্যাটর্নির কার্যালয়। অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ এক বছর ফেডারেল কারাগারে সাজা হতে পারে।
বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় মেরিল্যান্ড জেলার মার্কিন অ্যাটর্নির কার্যালয় এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সরকারি ওয়েবসাইটেও এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।
মেরিল্যান্ড জেলার মার্কিন অ্যাটর্নি কেলি ও. হেইস এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ জিমি পল অভিযোগপত্র দাখিলের বিষয়টি ঘোষণা করেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, হাচিবুর রহমান জানতেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তা সত্ত্বেও ২০২৪ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ভোট দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। ওই নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনের জন্যও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, হাচিবুর রহমান দেশটিতে অবৈধভাবে বসবাস করছিলেন। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অর্থ অপরাধ প্রমাণিত হওয়া নয়। আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তাঁকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে।
অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ এক বছর ফেডারেল কারাদণ্ড হতে পারে। তবে বাস্তবে সাজা নির্ধারণের ক্ষেত্রে ফেডারেল সাজা নির্দেশিকা ও সংশ্লিষ্ট আইন বিবেচনায় নেবেন ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক। ফলে আইনে উল্লেখিত সর্বোচ্চ সাজার চেয়ে কম সাজাও হতে পারে।
মামলাটির তদন্তে ভূমিকা রাখায় এফবিআইয়ের প্রশংসা করেছেন মার্কিন অ্যাটর্নি কেলি ও. হেইস। তদন্তে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) ওয়াশিংটন ফিল্ড অফিসকেও ধন্যবাদ জানান তিনি।
এ ছাড়া মামলাটির বিচার পরিচালনার দায়িত্বে থাকা সহকারী মার্কিন অ্যাটর্নি ফিলিপ মোৎসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন হেইস।

প্রথম দর্পণ,ডেস্ক