সৌদিতে কর্মসংস্থান সহায়তায় ন্যূনতম বেতন বাড়ছে ৬ হাজার রিয়াল

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৭ দুপুর
  • ২৩৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সৌদি আরবে কর্মসংস্থান সহায়তা কর্মসূচির আওতায় ন্যূনতম মজুরি দুই ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির মানবসম্পদ উন্নয়ন তহবিল (এইচআরডিএফ)। ২০২৭ সালের ২৫ এপ্রিল থেকে ন্যূনতম মজুরি ৪ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার সৌদি রিয়াল করা হবে। পরবর্তী বছর, অর্থাৎ ২০২৮ সালের ২৫ এপ্রিল থেকে তা বেড়ে দাঁড়াবে ৬ হাজার রিয়ালে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

সৌদি নাগরিকদের কর্মসংস্থান বাড়ানো লক্ষ্য

এইচআরডিএফের এ উদ্যোগের মূল লক্ষ্য সৌদি নাগরিকদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। পাশাপাশি বেসরকারি খাতে সৌদি নারী-পুরুষের নিয়োগ উৎসাহিত করা এবং শ্রমবাজারে তাঁদের অংশগ্রহণ বাড়ানোও কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ‘নিতাকাত’ কর্মসূচির সঙ্গে সমন্বয় করে মজুরি বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিতাকাতের আওতায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌদি নাগরিকদের নিয়োগের হার বিবেচনায় প্রতিষ্ঠানগুলোর শ্রেণিবিন্যাস করা হয়।

দুই ধাপে কার্যকর হবে নতুন মজুরি

এইচআরডিএফ জানিয়েছে, প্রথম ধাপে ২০২৭ সালের ২৫ এপ্রিল থেকে নতুন আবেদনকারীদের জন্য ন্যূনতম সহায়তাপ্রাপ্ত মজুরি ৪ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার রিয়াল করা হবে। বিদ্যমান আবেদনগুলোর ক্ষেত্রে ২০২৭ সালের মে মাসের সহায়তার অর্থ থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

দ্বিতীয় ধাপে ২০২৮ সালের ২৫ এপ্রিল থেকে নতুন আবেদনকারীদের ন্যূনতম মজুরি ৫ হাজার থেকে বাড়িয়ে ৬ হাজার রিয়াল করা হবে। বিদ্যমান আবেদনকারীদের ক্ষেত্রে এ পরিবর্তন কার্যকর হবে ২০২৮ সালের মে মাসের সহায়তার অর্থ থেকে।

বেতনের অর্ধেক পর্যন্ত দেবে তহবিল

কর্মসূচির আওতায় যোগ্য সৌদি কর্মীদের মাসিক বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অর্থ সহায়তা দেবে মানবসম্পদ উন্নয়ন তহবিল। তবে এ সহায়তার পরিমাণ মাসে সর্বোচ্চ ৩ হাজার রিয়াল নির্ধারণ করা হয়েছে। অনুমোদিত বিধি ও শর্ত অনুযায়ী এ অর্থ দেওয়া হবে।

তহবিলের মতে, এ উদ্যোগ বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সৌদি নাগরিক নিয়োগে উৎসাহিত করবে। একই সঙ্গে কর্মসংস্থানের স্থিতিশীলতা বাড়ানো এবং দেশের মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ আরও কার্যকর করতে সহায়তা করবে।

কর্মসূচির বিস্তারিত তথ্য ও যোগ্যতার শর্ত জানতে সুবিধাভোগীদের এইচআরডিএফের সরকারি ওয়েবসাইট দেখার আহ্বান জানানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad