সিরাজগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘পারফেক্ট কেয়ার মেধা বৃত্তি পরীক্ষা’। পারফেক্ট কেয়ার সিরাজগঞ্জের আয়োজনে জেলার মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুল কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা ও বিকেল ৩টা—এই দুই শিফটে শান্তিপূর্ণভাবে পরীক্ষাগ্রহণ সম্পন্ন হয়।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের বৃত্তি পরীক্ষায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩ হাজার ৭শ ৮৯ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র ছিল ১ হাজার ৮৫০ জন এবং ছাত্রী ১ হাজার ৯৩৭ জন। দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এই মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।
মেধার সঠিক মূল্যায়নের অংশ হিসেবে এই পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ৮৪ জন কৃতি শিক্ষার্থীকে ২ লক্ষ টাকা আর্থিক পুরস্কার প্রদান করা হবে।
প্রতি শ্রেণি থেকে সেরা ১২ জন করে মোট ৮৪ জন শিক্ষার্থীকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হবে।
আগামী বছরের (জানুয়ারি মাস) তৃতীয় সপ্তাহে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন ও সার্বিক ব্যবস্থাপনা তদারকি করেন পারফেক্ট কেয়ারের পরিচালক আশরাফুল ইসলাম।
তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতাপূর্ণ মনোভাব গড়ে তুলতে এবং তাদের মেধার বিকাশ ঘটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি ও অভিভাবকদের অভূতপূর্ব সাড়া আমাদের মুগ্ধ করেছে। আমরা আশা করি, এই ধরনের উদ্যোগ আগামীতে শিক্ষার্থীদের আরও বেশি পড়াশোনায় মনোযোগী করে তুলবে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ