সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নম্বর সয়দাবাদ ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও দেশীয় বৃক্ষের বৈচিত্র্য রক্ষার লক্ষ্যে ‘যমুনা নিসর্গ—প্রকৃতি ও ঐতিহ্যের সবুজ প্রাঙ্গণ’ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত শেষে দেশীয় ও বিরল প্রজাতির মোট ৭৫০টি বৃক্ষ রোপণ করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে সয়দাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক বলেন, এ বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানবিক সেবা নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসন, সিরাজগঞ্জের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, বিরল প্রজাতির বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহবুবুল ইসলাম (পলাশ), সয়দাবাদ ইউনিয়ন পরিষদের প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা, সয়দাবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মওলাসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, মাহবুবুল ইসলাম (পলাশ) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের শেখপাড়া গ্রামের কৃতিসন্তান।
জেলা কারাগার পরিদর্শন
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম সিরাজগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি কারাবন্দিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সার্বিক কল্যাণ, নিরাপত্তা ও মানবিক সেবা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে কারাবন্দিদের আবাসন, খাবার, চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন জেলা প্রশাসক। পাশাপাশি কারাগারের সার্বিক পরিবেশ ও বন্দিদের সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি