সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ আদেশ দেন।
বৃহস্পতিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে ২০২৫ সালের ২৯ জানুয়ারি একটি মামলা করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়-ব্যয়ের তথ্য যাচাই এবং তাঁর মালিকানায় অন্য কোনো সম্পদ রয়েছে কি না, তা পরীক্ষা করা প্রয়োজন। এ জন্য তাঁর নামে থাকা আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা জরুরি।
দুদকের উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা খাইরুল হাসান আয়কর আইন, ২০২৩-এর ৩০৯(৩)(ক) ধারা অনুযায়ী আয়কর নথি জব্দের নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বরিশাল কর অঞ্চলের সার্কেল-১৫ (বরগুনা)-এ সংরক্ষিত ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়কর নথি জব্দের নির্দেশ চাওয়া হয়।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নথি জব্দের আদেশ দেন।

প্রথম দর্পণ,ডেস্ক