সিরাজগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত, ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে উপকরণ বিতরণ

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে হাত ধোয়ার প্রদর্শনী ও হাতে-কলমে অনুশীলন, শিক্ষাপ্রতিষ্ঠানে হাত ধোয়ার উপকরণ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক নিয়ম ও ধাপ শেখানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যমুনা প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় এসব কর্মসূচি পালিত হয়।

সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাত ধোয়ার প্রদর্শনী ও অনুশীলন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নূর নাহার বেগম, ডেপুটি সিভিল সার্জন উম্মে হাবিবা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি মো. হারুন অর রশিদ খান হাসান, এফআইভিডিবির প্রতিনিধি হাসান এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যমুনা প্রকল্পের প্রজেক্ট অফিসার সাইফুল ইসলাম। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরাও দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

বক্তারা বলেন, ব্যক্তি ও পারিবারিক জীবনে সুস্থতা বজায় রাখতে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। নিয়মিত হাত ধোয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে জীবাণুর সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বাড়ানো সম্ভব।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও ও গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিরাজগঞ্জ ইউনিটের যুব সদস্যরা অংশ নেন। কর্মসূচিতে হাত ধোয়ার গুরুত্ব, কখন হাত ধুতে হবে এবং সঠিক পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যমুনা প্রকল্পের প্রজেক্ট অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে যুব সদস্যরা হাত ধোয়ার প্রদর্শনী ও অনুশীলনে কারিগরি সহায়তা দেন। পরে যমুনা প্রকল্পের সহায়তায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে হাত ধোয়ার উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি রেড ক্রিসেন্টের যুব সদস্যদের নেতৃত্বে ওই ছয়টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক নিয়ম ও ধাপ হাতে-কলমে শেখানো হয়।

আয়োজকদের প্রত্যাশা, এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে উঠবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad