আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করার সুযোগ থাকছে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এ সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৭ অক্টোবর) ইসির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কমিশন।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, ইস্যু এবং দাখিল করা আবেদন নিষ্পত্তির জন্য একটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ৩১ অক্টোবর। দাখিল করা আবেদন ইস্যুর শেষ তারিখ ৩ নভেম্বর এবং ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর।
সময়সূচি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
ইসি জানিয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে যারা ভোটার এলাকা পরিবর্তন করতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক